মাশহাদ থেকে হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, আজ আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির জানাজার শোভাযাত্রা মাশহাদের শিরাজি সড়ক থেকে পবিত্র ইমাম রেজার (আ.) মাজারের উদ্দেশে শুরু হয়। এতে হাওজা ইলমিয়া খোরাসানের শিক্ষক, বিশিষ্ট আলেম, গবেষক, শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে এই বিশিষ্ট আলেমের মরদেহ পবিত্র রাজাভী মাজার প্রাঙ্গণে দাফন করা হয়।
জানাজার শোভাযাত্রার শুরু থেকেই বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল সাঞ্জ ও দাম্মাম বাদন, আলাম বহন এবং পতাকা প্রদর্শন। পুরো শোভাযাত্রাজুড়ে এই বিশিষ্ট ধর্মীয় নেতার মৃত্যুতে শোকের আবহ বিরাজ করে। এ সময় উপস্থিত অনেকে শোক ও বেদনা প্রকাশ করে অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানান।
আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির মরদেহ পবিত্র রাজাভী মাজারে নেওয়ার পর পয়গম্বর-এ-আজম (সা.) প্রাঙ্গণে জানাজার আনুষ্ঠানিকতা অব্যাহত থাকে। এ সময় সর্বোচ্চ নেতার শোকবার্তা পাঠ করা হয়। পরে উপস্থিত ব্যক্তিরা তাওয়াসসুল ও শোক পালনের মধ্য দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তাওয়াসসুলের অনুষ্ঠান শেষে জোহরের নামাজের সময় হলে খোরাসান প্রদেশে সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ আলামুল হুদার ইমামতিতে জোহর ও আসরের নামাজ আদায় করা হয়।
এরপর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সবশেষে পবিত্র ইমাম রেজার (আ.) মাজার প্রাঙ্গণে তাঁকে দাফনের মধ্য দিয়ে জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আপনার কমেন্ট